Collector
২৭ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত দুই প্রবাসী | Collector
২৭ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত দুই প্রবাসী
Jagonews24

২৭ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত দুই প্রবাসী

দীর্ঘ ২৭ দিন অপেক্ষার পর দেশে ফিরেছে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই রেমিট্যান্স যোদ্ধা শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ। জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে। রোববার (৭ জুন) সকালে নিজ নিজ গ্রামে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে দুই পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহত শফিকুল ইসলাম (৪০) সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত নাহিদুল ইসলাম (২০) আশাশুনির কাদাকাটি গ্রামের বাসিন্দা। স্বজনরা জানান, শনিবার (৬ জুন) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের মরদেহ। সরকারের পক্ষ থেকে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সে মরদেহ দুটি সাতক্ষীরায় আনা হয়। রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে শফিকুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি ভালুকা চাঁদপুরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। একই সময়ে আশাশুনির কাদাকাটি গ্রামেও নাহিদুল ইসলামের মরদেহ পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহত শফিকুল ইসলামের স্ত্রী বলেন, ‘সংসারের সুখের জন্য বিদেশে গিয়েছিল। বলেছিল কিছুদিন কষ্ট করলেই সব ঠিক হয়ে যাবে। এখন সে আর ফিরলো না, ফিরলো শুধু তার মরদেহ।’ প্রসঙ্গত, ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে অঞ্চলের জিবদিন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। একই ঘটনায় আহত হন আরও এক বাংলাদেশি প্রবাসী শুভজিৎ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ সেন্টার, খুলনার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদুর রহমান জানান, মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। নিহতরা বৈধভাবে বিদেশে গিয়েছিলেন। ফলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লাখ টাকা এবং জীবন বীমা সুবিধা হিসেবে ১০ লাখ টাকা পাবেন। অর্থাৎ প্রত্যেক নিহত প্রবাসীর পরিবার মোট ১৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবে। আহত প্রবাসী শুভজিতের পরিবারও নিয়ম অনুযায়ী এই সুবিধা পাবে। আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস

Go to News Site