Somoy TV
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যকর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের লক্ষ্য নিয়ে আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন উদ্ভাবন করেছে ‘মাই ট্রি’ অ্যাপ। বর্তমানে অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে পরিচালিত হচ্ছে।বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ বৃক্ষরোপণ করা হলেও সেগুলোর কতগুলো টিকে থাকে, কীভাবে বেড়ে ওঠে এবং দীর্ঘমেয়াদে সংরক্ষিত হয়—সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের কার্যকর ব্যবস্থা এখনও সীমিত। এই বাস্তবতা থেকে ‘My Tree’ অ্যাপের ধারণার জন্ম। ‘My Tree’ একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে প্রতিটি গাছের জিও-লোকেশন, রোপণের তারিখ, পরিচর্যা, বৃদ্ধি এবং সংরক্ষণ সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে। ফলে শুধু কতটি গাছ লাগানো হয়েছে তা নয়, বরং কতটি গাছ বেঁচে আছে এবং কীভাবে বৃদ্ধি পাচ্ছে, তারও সুনির্দিষ্ট তথ্য পাওয়া সম্ভব হবে। আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশনের মতে, অ্যাপটির প্রধান উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা এবং দেশের প্রতিটি বৃক্ষকে একটি ডিজিটাল পরিচয়ের আওতায় নিয়ে আসা। এর মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন। বিশ্বব্যাপী কার্বন বাজারের সম্ভাবনাকে সামনে রেখে আন্তর্জাতিকভাবে স্বীকৃত Verra Methodology VM0047 (ARR)-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখে অ্যাপটির প্রযুক্তিগত কাঠামো ডিজাইন করা হয়েছে। ফলে ভবিষ্যতে বৃক্ষরোপণ কার্যক্রমের তথ্য আন্তর্জাতিক মান অনুযায়ী সংরক্ষণ, পর্যবেক্ষণ ও যাচাই করা সম্ভব হবে। এতে বাংলাদেশ আন্তর্জাতিক Carbon Credit বাজারে অংশগ্রহণের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। অ্যাপটির ধারণা ও সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বন সচিব, ২৫ কোটি বৃক্ষরোপণ সেলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা হয়েছে। তারা উদ্যোগটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এটি একটি সম্ভাবনাময় প্রযুক্তিগত সমাধান হিসেবে অভিহিত করেছেন। আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন জানিয়েছে, তারা ‘My Tree’ অ্যাপটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপহার হিসেবে দিতে আগ্রহী। এর মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা বিশ্বাস করে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, গাছ লাগানো একটি মহৎ উদ্যোগ, কিন্তু গাছকে বাঁচিয়ে রাখা আরও বড় দায়িত্ব। ‘My Tree’ অ্যাপের মাধ্যমে আমরা প্রতিটি গাছের একটি ডিজিটাল ইতিহাস তৈরি করতে চাই, যাতে বাংলাদেশের বৃক্ষরোপণ কার্যক্রম তথ্যভিত্তিক, স্বচ্ছ, টেকসই এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপনার আওতায় আসে। বর্তমানে ঢাকা কলেজে পরিচালিত পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে অ্যাপটির বিভিন্ন ফিচার ও মাঠপর্যায়ের কার্যকারিতা যাচাই করা হচ্ছে। সফলভাবে পরীক্ষণ সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন বিশ্বাস করে, ‘My Tree’ শুধু একটি অ্যাপ নয়; এটি বাংলাদেশের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রযুক্তির মাধ্যমে সফল, টেকসই এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত করার একটি জাতীয় উদ্যোগ।
Go to News Site