Somoy TV
পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। এসময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে একজন মোটরসাইকেল আরোহীর।রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হলো পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ (৮)। তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় পাওয়া যায়নি। পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছানোর পর অটোরিকশাটি সামান্য হেলে যায়। এতে অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে সড়কে পড়ে যায়। আরও পড়ুন: মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের, আহত স্বামী-সন্তান এসময় ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। একই সময় দ্রুতগামী এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দু’জনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে অটোরিকশা ও ট্রাক চালক পালিয়ে যায়। আহত অবস্থায় শিশু আলিফের মা-কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Go to News Site