Jagonews24
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের রেশ এবার এসে লেগেছে সৌদি আরবে (Saudi Arab)। দেশটির একটি বিমানঘাঁটির কাছে রহস্যময় বিস্ফোরণ এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের বিপদ কেটে গেছে। সোমবার (৮ জুন) সৌদি আরবের আল-খারজ গভর্নেটের (Al-Kharj governorate) বাসিন্দাদের সম্ভাব্য বড় ধরনের বিপদের সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। স্থানীয় বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলের আল-খারজ বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর ছড়ানোর পরপরই এই সতর্কতা আসে। আরও পড়ুন ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তবে এই আতঙ্ক ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই আরেকটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আল-খারজ অঞ্চলের ‘বিপদ এখন কেটে গেছে’। তবে প্রাথমিকভাবে কী ধরনের বিপদ বা হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি প্রশাসন। হামলার দায় অস্বীকার ইরানের সৌদি আরবের আল-খারজ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর ছড়ানোর পর আন্তর্জাতিক মহলে আঙুল ওঠে ইরানের দিকে। তবে ইরান অত্যন্ত দ্রুততার সঙ্গে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরবের আল-খারজ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান কোনো ধরনের গুলি বা ক্ষেপণাস্ত্র ছোড়েনি। নেপথ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া তীব্র সংঘাতের আবহে সৌদি আরবের এই ঘটনাটি ঘটল। রোববার মধ্যরাতে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরের সুনির্দিষ্ট ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ তীব্র হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সম্প্রতি উত্তর ইসরায়েল অভিমুখে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। মূলত এর জবাব দিতেই ইসরায়েল এই পাল্টা হামলা চালায়। এর আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হন, যা পরিস্থিতিকে আরও উসকে দেয়। সূত্র: আল-জাজিরাকেএএ/
Go to News Site