Somoy TV
ভুটানে পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়, যার প্রভাব উত্তরাঞ্চল থেকে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমলজির (এনসিএস) দেয়া তথ্য অনুযায়ী, ভুুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে উত্তর পূর্বে এবং ২৪ কিমি গভীরে। তবে বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের পর বাংদেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ঢাকাসহ আশপাশের এলাকাতেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। আরও পড়ুন: ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু এনসিএস বলছে, রাতে পরপর আরও দুইবার ভুটানে ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পের ১১ মিনিট পর রাত ১১টা ৪৮ মিনিটে একই এলাকায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর দ্বিতীয় ভূমিকম্পের ৩৪ মিনিট পর, অর্থাৎ রাত ১২টা ২২ মিনিটে ২ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আরও পড়ুন: ভুটানের ভূমিকম্পে বাংলাদেশসহ কেঁপে উঠল ৫ দেশ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপিন্স উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।
Go to News Site