Jagonews24
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস। সোমবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে চলমান বাজেট অধিবেশন, সংসদীয় কার্যক্রম এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় চিফ হুইপ বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার । বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমানের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পর জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি কার্যকর সংসদ গঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে ২৬০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন এবং এটি তাদের প্রথম বাজেট অধিবেশন। নূরুল ইসলাম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদীয় রীতি-নীতি, কার্যপ্রণালী ও বিধিবিধান আয়ত্তে নিতে আন্তরিকভাবে কাজ করছেন। অতীতে জনগণের মধ্যে সংসদীয় কার্যক্রমের প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম ছিল। তবে বর্তমানে সাধারণ মানুষ নিয়মিত সংসদ অধিবেশন অনুসরণ করছে, যা দেশের গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। স্টুয়ার্ট জেমস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠিত হলে দুদেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। তিনি জনগণের জন্য একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠায় চিফ হুইপের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমওএস/এমএএইচ/
Go to News Site