Collector
পলাতক সাবেক এমপি বাহারের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবীদের সভা | Collector
পলাতক সাবেক এমপি বাহারের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবীদের সভা
Somoy TV

পলাতক সাবেক এমপি বাহারের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবীদের সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা।সোমবার (৮ জুন) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, কুমিল্লার উদ্যোগে কুমিল্লা আইনজীবী সমিতির হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী কাইমুল হক রিংকু। তিনি সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপির নেতাকর্মী এবং বিচারাঙ্গন সম্পর্কে তাঁর দেওয়া বিভিন্ন মন্তব্য অনাকাঙ্ক্ষিত, দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক।আইনজীবী রিংকু বলেন, 'বাহার সাহেব বিএনপি ও এর নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেছেন, হুমকি দিয়েছেন এবং দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছেন। তিনি নিজের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের তালিকা প্রকাশ করেছেন এবং ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'বাহাউদ্দিন বাহারের দেশে ফেরার প্রস্তুতির কথা উল্লেখ করে কাইমুল হক রিংকু আরও বলেন, 'আমরা মনে করি, আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাশীল হলে তাঁকে দেশে এসে প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, গুলি করেছে, মানুষকে পঙ্গু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ শান্ত হবে না।'বাহাউদ্দিন বাহারের বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে পিপি রিংকু বলেন, 'বাহার দাবি করেছেন যে তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা আমি করেছি। এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে যেসব অপকর্ম, দখলবাজি, নির্যাতন, সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে তদন্ত চলছে। সাহস থাকলে দেশে এসে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করুন। আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি অব্যাহত রাখলে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'আরও পড়ুন: সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাপ্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা জিপি আইনজীবী তারেক আব্দুল্লাহ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী কামরুল হায়াত খান, সাবেক সভাপতি আইনজীবী শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোলাম মোস্তফা, আইনজীবী মফিজুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী আখতার হোসেন এবং আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী খন্দকার মাহবুবসহ কুমিল্লার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।উল্লেখ্য, গত ৬ জুন ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে আত্মগোপনে থাকা সাবেক এমপি বাহাউদ্দিন বাহার কুমিল্লার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দাবি করেন, তার বাসভবনে অগ্নিসংযোগকারীদের তালিকা তার কাছে রয়েছে এবং সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি তার নেতাকর্মীদের ওপর 'নির্যাতন' বন্ধ করার আহ্বান জানান।

Go to News Site