Collector
Giriş Yap
রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় শেকৃবি | Collector
রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় শেকৃবি

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় শেকৃবি

গবেষণা সক্ষমতা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নতুন সাফল্য অর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। আন্তর্জাতিক একাডেমিক প্ল্যাটফর্ম রিসার্চ ডটকমের ২০২৫-২৬ সংস্করণের বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। রিসার্চ ডটকমের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, এবারের র‍্যাঙ্কিংয়ে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেকৃবি প্রথম স্থান অর্জন করেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। এইচ-ইনডেক্সভিত্তিক মূল্যায়নে প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, শেকৃবির চারজন শীর্ষ গবেষকের নেতৃত্বে মোট ৬৬০টি উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এসব গবেষণার সম্মিলিত এইচ-ইনডেক্স স্কোর ১৬৫। এ বিষয়ে শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়া যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নে আগে আমাদের অনেক তথ্য অন্তর্ভুক্ত ছিল না। বর্তমানে আন্তর্জাতিক ডাটাবেজে বিশ্ববিদ্যালয়ের তথ্য সংযোজিত হওয়ায় ভবিষ্যতে আরও ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ অর্জনে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও গবেষণামুখী কর্মকাণ্ডের ফলেই এ সাফল্য এসেছে। আমরা আশা করি, আগামী দিনগুলোতে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে আরও ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবো। এমডি‌এস‌এ/এমএমকে

Go to News Site