Jagonews24
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ডুবুরি দল ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। জানা গেছে, ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলাল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম থেকে আগত চারজন বন্ধু মিলে মঙ্গলবার বিকেলে নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তারা নৌকা থেকে পানিতে সাঁতার কাটতে নামেন। এসময় বন্ধুদের সঙ্গে ইনতিশার হাসনাত (২২) সাঁতরে হ্রদের একটু গভীর চলে গেলে ডুবে নিখোঁজ হন। এ ঘটনার পর রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ডুবুরি দল হ্রদের ২৫ ফুট গভীর থেকে নিখোঁজকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক নিউটন দাস বলেন, বিকেল ৫টার দিকে এক পর্যটকের নিখোঁজের খবর পাই। প্রায় ঘণ্টাখানেক উদ্ধার কাজ চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহত পর্যটকের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আবু দারদা খান আরমান/এফএ/এএসএম
Go to News Site