Jagonews24
নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন! এই মুহূর্তে বিশ্ব ফুটবলে অন্যতম আলচিত প্রশ্ন এটি। কার্লো আনচেলোত্তি কোচ হওয়ার পর ব্রাজিল দলে এখনো ফিরতে পারেননি নেইমার। আগামী ২৬ মার্চ তারা মুখোমুখি হবে ফ্রান্সের এবং ৩১ মার্চ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কোনো ম্যাচেই স্কোয়াডে জায়গা পাননি নেইমার। এমনকি দল ঘোষণার পর তার প্রতিক্রিয়া নিয়েও ব্রাজিল ফুটবল ফেডারশনের (সিবিএফ) মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে বলেও খবর বেরিয়েছে। এবার আরেক দফায় প্রশ্নের মুখে পড়েছেন নেইমার। আর তাতে আগামী বিশ্বকাপে স্কোয়াডে তার জায়গা পাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেলো কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি সান্তোস ও মিরাসোলের মধ্যকার একটি ম্যাচকে কেন্দ্র করে। আনচেলোত্তি নিজেই নেইমারের ফর্ম ও শারীরিক অবস্থা পরখ করতে সেই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হন। কিন্তু নেইমার কেবল সেই ম্যাচে অনুপস্থিতই ছিলেন না, বরং কোচের সাথে সৌজন্য সাক্ষাৎ করারও কোনো প্রয়োজন বোধ করেননি। সিবিএফ এবং কোচিং স্টাফ বিষয়টিকে কোচের প্রতি চরম অবজ্ঞা এবং শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখছে। বোর্ডের কর্মকর্তাদের মতে, নেইমারকে নিজেকে প্রমাণ করার একাধিক সুযোগ দেওয়া হলেও তিনি তার গুরুত্ব দিতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে, নেইমারের বর্তমান শারীরিক সক্ষমতা নিয়েও কোচিং স্টাফের মধ্যে গভীর উদ্বেগ কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ফুটবলের উচ্চগতি এবং স্ট্যামিনা ধরে রাখার ক্ষমতা বর্তমানে নেইমারের নেই। এর ওপর সাম্প্রতিক প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়ার পর নেইমারের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া আগুনে ঘি ঢেলেছে। সিবিএফ মনে করছে, নেইমার তার মিডিয়া ইনফ্লুয়েন্স ব্যবহার করে কোচের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন। হাতেগোনা কয়েকটি ম্যাচ বাকি থাকলেও বর্তমান পরিস্থিতিতে আনচেলত্তির কৌশলে নেইমারের জায়গা পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। এসকেডি/এএসএম
Go to News Site