বিদেশে পলাতক সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার
Jagonews24

বিদেশে পলাতক সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনতে সচেষ্ট সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিগত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনসহ বিভিন্ন অপরাধে যারা বিচারের মুখোমুখি হয়েছেন এবং যাদের সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের জন্য বিএনপি সরকার সর্বদা সচেষ্ট আছে। সোমবার (সোমবার, ২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর টপ প্রায়োরিটি হচ্ছে প্রবাসীদের নিরাপত্তা। যুদ্ধ শুরুর পর থেকেই আমাদের মিশনগুলো সেখানে অবস্থানরত নাগরিকদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানান, ঈদের আগের দিন রাতে ১৮৬ জন প্রবাসীকে সফলভাবে দেশে ফেরত আনা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন এবং আইএলও সমন্বিতভাবে কাজ করছে। শামা ওবায়েদ বলেন, সবাই এখনই দেশে ফিরতে চাচ্ছেন না। অনেকেই তাদের কর্মস্থলে থেকে কাজ চালিয়ে যেতে আগ্রহী। তবে যারা ফিরতে চাইবেন, তাদের জন্য প্রয়োজনে যতগুলো চার্টার্ড ফ্লাইট লাগে, তার ব্যবস্থা সরকার করবে। যারা সেখানে থেকে যাচ্ছেন, তাদের নিরাপত্তার বিষয়টিও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

Go to News Site