Jagonews24
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাঁতার প্রতিযোগিতা। নদের উলিপুর উপজেলার উজানির চর এলাকা থেকে শুরু হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতা শেষ হয়। প্রয়াত প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ক্লাবের চারজন দক্ষ ও অভিজ্ঞ সাঁতারু। তাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন। প্রতিযোগিতায় অংশ নেওয়া সাঁতারুরা হলেন, চিলমারীর সন্তান, বাংলা চ্যানেল জয়ী ও ট্রাইঅ্যাথলেট সাইফুল ইসলাম, ইন্টার-স্কুল জাতীয় স্বর্ণপদক বিজয়ী এবং ২০২৩ সালে দেশের সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে ৫০ কিলোমিটার যমুনা নদী পাড়ি দেওয়া আব্দুল্লাহ আল মাহি (বগুড়া), বাংলা চ্যানেল বিজয়ী এবং যমুনা নদীতে একদিনে ৮০ কিলোমিটার সাঁতার দিয়ে রেকর্ড গড়া এসআইএম ফেরদৌস আলম (বগুড়া) এবং লালমনিরহাটের সহিদুল ইসলাম, যিনি যমুনা নদীতে ৩৫ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের সন্তান ও সাপ্তাহিক ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু, ব্যবসায়ী হাফিজুর রহমান পিন্টু, প্রেস ক্লাব চিলমারীর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় মানুষজন। প্রতিযোগিতা শেষে ট্রাইঅ্যাথলেট সাইফুল ইসলাম বলেন, আমরা দেশের বিভিন্ন চ্যানেল পাড়ি দিয়েছি। তবে ব্রহ্মপুত্রে এটি আমার জীবনের দ্বিতীয় এবং আনুষ্ঠানিকভাবে প্রথম সাঁতার। আমরা চাই নদী তীরবর্তী অঞ্চলের মানুষ এ থেকে অনুপ্রাণিত হয়ে সাঁতারে আগ্রহী হোক। এতে নতুন প্রজন্ম থেকে জাতীয় পর্যায়ের সাঁতারু তৈরি হবে এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও কমে আসবে। রোকনুজ্জামান মানু/আরএইচ/এএসএম
Go to News Site