Somoy TV
জনগণ ঘণ্টার পর ঘণ্টা তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকলেও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষমতার অপব্যবহার করে নিজের সরকারি গাড়িতে অতিরিক্ত তেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গাইবান্ধা জেলা শহরের কাদির এন্ড সন্স তেলের পাম্পে এই ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনা শহরে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। জ্বালানি তেল নিতে আসা বিভিন্ন পরিবহনের চালকরা জানান, তিন দিন বন্ধ থাকার পর সোমবার তেল দেয়ার কথা শুনে বিকেল ৪টা থেকে তারা গাইবান্ধা জেলা শহরের কাদির এন্ড সন্স তেলের পাম্পে ভিড় জমান। সন্ধ্যার কিছু আগে গাইবান্ধা সদর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর ইসলাম বাবুর উপস্থিতিতে তেল বিক্রি শুরু হয়। দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল নিচ্ছিলেন চালকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষমাণ জনতাকে উপেক্ষা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি পাম্পে ঢুকে পড়ে। জনসাধারণকে তেল দেয়া বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটিতে পরিপূর্ণভাবে তেল পূর্ণ করা হয়। এরপর একে একে তিনটি বড় আকারের জার জ্বালানি তেলে পূর্ণ করে গাড়িতে তুলে নেয়া হয়। এ সময় গাড়ির হর্ণ বাজিয়ে প্রতিবাদ জানান বিভিন্ন পরিবহনের চালকরা। তাৎক্ষণিকভাবে দ্রুত ইউএনওর সরকারি গাড়িটি স্থান ত্যাগ করে। আরও পড়ুন: প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর তেল নিতে আসা বাইক চালক মজিদুল ইসলাম জানান, সরকার যেখানে তেল সংকট না থাকার কথা বলছে, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ্য নিজের গাড়ি পূর্ণ করে আবার মজুদ করার উদ্দেশে তেল নিয়ে যাচ্ছেন। এটি জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আরেক বাইক চালক হাবিব রহমান জানান, দীর্ঘ ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল নিতে পারলাম না। আর ইউএনও ক্ষমতা দেখিয়ে গাড়ি পূর্ণ করার পাশাপাশি জার পূর্ণ করে তেল নিয়ে গেলেন। এসব তেল এভাবে নেয়ার কী নিয়ম আছে? এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন জানান, এটা আমার তেল না, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটের তেল। ভুল করে আমার গাড়িতে তুলেছে। সংকটকালে এভাবে তেল নিতে পারেন কি না এমন প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। জানতে চাইলে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমি কোনো তেল এখনও পাইনি। খোঁজ নিয়ে জানাতে পারব আমার বরাদ্দকৃত তেল কি না।
Go to News Site