স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক যুবকের বাড়িতে দুই নারীর অবস্থান
Somoy TV

স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক যুবকের বাড়িতে দুই নারীর অবস্থান

কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের দাবিতে সন্তানসহ এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই নারী। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সোমবার (২৩ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা ও কুমিল্লা থেকে আসা শারমিন আক্তার এবং হোসনে আরা নামের ওই দুই নারী আপেল মাহমুদ নামের এক যুবকের বাড়িতে অবস্থান করছেন। আপেল মাহমুদ ওই এলাকার আবু হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) থেকে ওই দুই নারী স্ত্রীর স্বীকৃতির দাবিতে আপেল মাহমুদের বাড়িতে অবস্থান করছেন। তাদের মধ্যে শারমিন আক্তারের সঙ্গে প্রায় আট বছর বয়সি এক কন্যাসন্তান এবং হোসনে আরার সঙ্গে ১৬ মাস বয়সি এক পুত্রসন্তান রয়েছে। ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, ‘আমি স্ত্রীর স্বীকৃতি ও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। আমি সংসার করতে চাই।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান চালিয়ে যাবেন বলেও জানান। অপর ভুক্তভোগী হোসনে আরা বলেন, ‘আমিও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। এ দাবিতেই আমি এখানে অবস্থান করছি। আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।’ আরও পড়ুন: জ্বালানি সংকট: কুড়িগ্রামে ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। বিষয়টি সমাধানে স্থানীয়রা অভিযুক্ত যুবকের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা মকবুল মিয়া জানান, রোববার থেকে দুই নারী এখানে অবস্থান করছেন। এতে এলাকায় মানুষের ভিড় বেড়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত আপেল মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে এর সত্যতা যাচাই করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে।’

Go to News Site