Jagonews24
আচমকাই রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় আমজাদ হোসেনকে সরিয়ে মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে মোখছেদুর রহমান বাবুকে। ওই রাতেই বিসিবি পরিচালক পদ থেকেও ইস্তফা দেন আমজাদ হোসেন। এরপর গতকাল (সোমবার) রাতে সংবাদ সম্মেলনে মিডিয়া কমিটির পদ হারানো বিসিবি থেকে ইস্তফা দেওয়া নিয়ে মুখ খোলেন আমজাদ। পরিচালক পদ থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে আমজাদ হোসেন জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো কমিটি পুনর্গঠনের অধিকার পরিচালনা পর্ষদের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পদত্যাগের কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬-র ‘ছ’ অনুযায়ী পরিচালনা পর্ষদ যেকোনো স্থায়ী কমিটি পুনর্গঠন করতে পারে। বোর্ড যখন মনে করেছে আমার সার্ভিস প্রয়োজন নেই, তখন থেকেই আমি এই সিদ্ধান্তটি নিয়েছি।’ তাঁকে সরিয়ে দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো না হলেও সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আমজাদ হোসেনের মতে, পদে থাকাকালীন বোর্ড ভালো আর পদ হারানোর পর বোর্ড খারাপ—এমন দ্বিমুখী নীতিতে তিনি বিশ্বাসী নন। তিনি বলেন, ‘আমি মনে করি, একদিন আগে পরিচালক থাকাকালীন বোর্ড ভালো ছিল আর আজ নেই দেখে বোর্ড খারাপ- এমন দ্বিমুখী নীতিতে আমি বিশ্বাস করি না। বোর্ডের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সম্মান আছে।’ এসকেডি/আইএন
Go to News Site