ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা
Jagonews24

ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদ চৌধুরিকে গ্রেফতার বর্তমান সরকারের একটা ভালো সূচনা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৪ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদ চৌধুরিকে গ্রেফতার বর্তমান সরকারের একটা ভালো সূচনা মাত্র। এবার তদন্ত শুরু করা হোক ওয়ান-ইলেভেনের আদ‍্যোপান্ত নিয়ে। এমনকি ২০০৮-য়ের নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত।’ ফারুকী লেখেন, ‘ওয়ান-ইলেভেন হচ্ছে সকল সর্বনাশের গোড়া। এই যে শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতা-কর্মীদের উপর নির্যাতন, বিডিআর ম‍্যসাকার, শাপলা ম‍্যাসাকার, নির্বাচন ব্যবস্থা ভ‍্যানিশ করে দেওয়া, জুলাই হত‍্যকাণ্ড হ হাসিনার সকল অপকর্মের লাইসেন্স এসেছে ঐ ওয়ান ইলেভেন থেকে।’ ‘মনে রাখতে হবে ট্রমা-আক্রান্ত জাতির সামনে আগানো এবং হিলিংয়ের জন‍্য দুইটা জিনিস দরকার: বিচার এবং স্মৃতি সংরক্ষণ। স্মৃতি সংরক্ষণ বলতে বোঝাচ্ছি ইতিহাস সংরক্ষণ। সেটা মিউজিয়াম, ডকুমেন্টেশন, রিপোর্ট নানাভাবেই হতে পারে।’ পোস্টে তিনি আরও লেখন, ‘তো বিচার এবং স্মৃতি সংরক্ষণের কাজ ঘটে যাওয়া মাত্র ঐ অধ‍্যায় নিয়ে পড়ে না থেকে সামনের দিকে আগানোর সুযোগ তৈরি হয়। কিন্তু এই দুই কাজ অসমাপ্ত রেখে যদি ‘চলো সব ভুলে যাই বলে’ সামনে আগাই তাহলে দুইটা বিপদ: এক. অপরাধীদের অথবা নতুন অপরাধীদের উৎসাহ দেওয়া হয়। তারা তখন পরবর্তী অপকর্ম থেকে জাস্ট একটা সুযোগ দূরে সর্বদা দণ্ডায়মান থাকে। দুই. বিচার এবং স্মৃতি সংরক্ষণ ছাড়া সামনে আগালে ক্ষোভ থেকে যায় মানুষের যৌথ স্মৃতিতে। হিলিংয়ের জন‍্য এটা আদর্শ অবস্থা নয়।’ এএসএ/এএসএম

Go to News Site