Somoy TV
কক্সবাজার সমুদ্রসৈকতে এখন শুধু ঢেউ নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কাঁচা আমের অস্বাভাবিক দাম। মাত্র ২০০ গ্রাম ওজনের একটি কাঁচা আম বিক্রি হচ্ছে ১০০ টাকায়। একই আম কেটে চার ভাগ করে লবণ-মরিচের গুঁড়া দিয়ে প্লেটে পরিবেশন করলে প্রতি প্লেটের দাম দাঁড়াচ্ছে ৫০ টাকা। এর ফলে ২০০ গ্রাম আমের মোট মূল্য দাঁড়াচ্ছে ২০০ টাকা।এত দামেও কাঁচা আম কিনে খাচ্ছেন অনেক পর্যটক, আবার কেউ কেউ দাম শুনে অবাক হয়ে না খেয়েই ফিরে যাচ্ছেন। এতে সৈকতজুড়ে কাঁচা আমকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক ভিন্নধর্মী বাণিজ্য।সরজমিনে সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে দেখা যায়, জুহুরা বেগম (৪৫) ও রাবেয়া বশরী (৩৫) কাঁচা আম বিক্রি করছেন। তাদের থালায় প্রায় ৩০০টি কাঁচা আম রাখা আছে, প্রতিটির ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম। বিক্রেতারা জানান, প্রতিটি আম ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই আম কেটে চার ভাগ করে লবণ-মরিচ দিয়ে পরিবেশন করলে প্রতি প্লেটের দাম ৫০ টাকা, আর দুই ভাগ করলে প্রতি প্লেট ১০০ টাকা নেয়া হচ্ছে। পর্যটকদের চাহিদার কারণে এই ব্যবসা জমে উঠলেও, অস্বাভাবিক দাম নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। সিলেট থেকে আসা পর্যটক রিফাত বলেন, দাম একটু বেশি মনে হলেও সৈকতে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই কিনে খাচ্ছি। আরও পড়ুন: সাগরপাড়ে ঈদ উৎসব, ব্যবসায়ীদের মুখে হাসি আরেক পর্যটক গোলজার বেগম বলেন, এত ছোট একটা আমের দাম ১০০ টাকা শুনে প্রথমে অবাক লাগলেও, পরে খেয়ে দেখলাম ভালো লেগেছে স্বাদ। বরগুনা থেকে আসা পর্যটক সানোয়ার হোসেন বলেন, তীব্র গরম পড়েছে। তাই গরমের মাঝে কাঁচা আম দেখে কিনে খাচ্ছি। দাম বেশি হলেও খেতে ইচ্ছে হয়েছে, তাই কিনে খাচ্ছি। আমের অতিরিক্ত দামের বিষয়ে বিক্রেতা জুহুরা বেগম ও রাবেয়া বশরী বলেন, কাঁচা আমগুলো টেকনাফের বাগান থেকে আসে। আমাদের সরাসরি টেকনাফে গিয়ে কিনে আনতে হয় না। কক্সবাজারে এসে প্রতি কেজি কাঁচা আম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। এরপর আমরা এগুলো সমুদ্রসৈকতের পর্যটকদের কাছে বিক্রি করি। কাঁচা আমের বেশি দামের কারণে আমাদেরও পর্যটকদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম কমে গেলে আমরাও কম দামে বিক্রি করব। তারা আরও জানান, কাঁচা আমের দাম শুনে অনেক পর্যটক খাচ্ছে না। অনেকেই দাম শুনে চলে যাচ্ছে। এ কারণে বিক্রি কমছে। ঈদের দ্বিতীয় দিনে বিক্রি হয়েছে মাত্র ৩০০ থেকে ৫০০ টাকা, আর ঈদের তৃতীয় দিনে ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। তারপরও সংসার চালানোর জন্য এসব কাঁচা আম বিক্রি করতে সমুদ্রসৈকতে ছুটে আসতে হয়।
Go to News Site