দেড় দশকের মধ্যে এবারের ঈদ ছিল সবচেয়ে স্বস্তিদায়ক: স্বাস্থ্যমন্ত্রী
Somoy TV

দেড় দশকের মধ্যে এবারের ঈদ ছিল সবচেয়ে স্বস্তিদায়ক: স্বাস্থ্যমন্ত্রী

বিগত দেড় যুগের মধ্যে এবারের ঈদুল ফিতর সবচেয়ে স্বস্তিতে ও শান্তিতে উদ্‌যাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবারের ঈদে দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল, যা সাধারণ মানুষের মনে বাড়তি স্বস্তি দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় মানুষ নির্বিঘ্নে ঈদ উদ্‌যাপন করতে পেরেছে। সামগ্রিকভাবে বলতে গেলে, সব মিলিয়ে এবারের ঈদ অত্যন্ত ভালো কেটেছে।’ঈদের আনন্দ উদ্‌যাপনে কিছু বিয়োগান্তক ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সব ভালো কাটার মাঝেও কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ছাড়া ট্রেন ও বাসে বাড়তি ভাড়া নেয়ার দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের ঈদযাত্রা ও উদ্‌যাপন ছিল সফল।’ আরও পড়ুন: জুনের মধ্যেই চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রীঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, আজ থেকেই রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও অভিযান শুরু হবে।মন্ত্রী আরও জানান, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী, অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। যদি কোনো ক্লিনিক ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হয়, তবে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেয়া হবে যাতে সাধারণ মানুষ কোথাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিককে দেশে চলতে দেয়া হবে না বলেও তিনি জানান।

Go to News Site