Somoy TV
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষ গবেষক ও অধ্যাপক নিহত হয়েছেন। হামলাটি ইরানের রাজধানীর উত্তরে তার বাসভবন লক্ষ্য করে চালানো হয়, এতে তার দুই সন্তানও নিহত হয়। স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি নিহত অধ্যাপককে সাঈদ শামাঘদারি হিসেবে শনাক্ত করেছে। তিনি ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করতেন। প্রেস টিভির তথ্য অনুযায়ী, হামলায় তার ছেলে মোহাম্মদ ও মেয়ে রেইহানেও নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ট্রাম্পের ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে বোমা হামলার হুমকির পর যুক্তরাষ্ট্র-ইসরাইল আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশলের সহযোগী অধ্যাপক ড. সাঈদ শামঘাদারিকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়টির বরাতে প্রেস টিভি জানিয়েছে, শামাঘদারি ও তার দুই সন্তানের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনাটিকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে। এর আগে ইসরাইল ইরানের কয়েকজন শিক্ষাবিদকে লক্ষ্য করে হামলা চালায়, যাদের বিরুদ্ধে দেশটির অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। আরও পড়ুন: ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত ১৫ ইরান যুদ্ধ আজ মঙ্গলবার ২৫তম দিনে গড়িয়েছে। ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় হতাহতের খবরও পাওয়া গেছে। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের একটি আবাসিক এলাকায় মার্কিন-ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। আইএসএনএ প্রাদেশিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলাটি ইরানের উত্তর-পশ্চিমে আর্মেনিয়া, আজারবাইজান ও তুরস্কের সীমান্তবর্তী শহীদ মোফাত্তেহ-তে সংঘটিত হয়েছে। এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের উর্মিয়া শহরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আরও পড়ুন: আলোচনা হয়নি, যুক্তরাষ্ট্র-ইসরাইল চোরাবালিতে আটকা পড়েছে: ইরানের স্পিকার প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে ‘যুক্তরাষ্ট্র-জায়নাবাদী’ যুদ্ধবিমান উর্মিয়া শহরের আবাসিক এলাকায় হামলা চালায়। তাসনিম নিউজের প্রতিবেদনে ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া ঘর-বাড়ির অভ্যন্তরীণ দৃশ্যের কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে।
Go to News Site