পঞ্চগড়ে নতুন আতঙ্ক, ফোনকল দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র
Somoy TV

পঞ্চগড়ে নতুন আতঙ্ক, ফোনকল দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র

মোবাইল ফোনে হঠাৎ কল আসে, ‘সড়ক দুর্ঘটনায় আপনার সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসার জন্য দ্রুত টাকা পাঠান।’ এমন ভুয়া খবর দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি এমন অভিনব প্রতারণায় নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ।গত দুই সপ্তাহ ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা বিরাজ করছে। গত শুক্রবার (১৩ মার্চ) পঞ্চগড় শহরের একটি সেলুনের কাটিং মাস্টার সঞ্জয়ের মোবাইল ফোনে এমন একটি কল আসে। বলা হয়, সড়ক দুর্ঘটনায় তার সন্তান গুরুতর আহত। চিকিৎসার জন্য দ্রুত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে হবে। তবে তিনি টাকা না পাঠিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে বুঝতে পারেন, পুরোটাই ছিল প্রতারণার চেষ্টা। ভুক্তভোগী সঞ্জয় সময় সংবাদকে বলেন, ‘আমি নিজের কাজ করছিলাম। হঠাৎ সেই ফোনটা আসে। আমাকে দ্রুত টাকা পাঠানোর জন্য বলা হয়, আমি ভয় পেয়ে যাই। এরপর দ্রুত সদর হাসপাতালে ছুটে যাই। গিয়ে দেখি এমন কোনো ঘটনা ঘটেনি। পরে ছেলের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি পুরোটাই ছিল প্রতারণা।’ শুধু পঞ্চগড় সদর নয়, তেঁতুলিয়াসহ জেলার বাকি তিন উপজেলা থেকেও প্রতারক চক্রের এমন তৎপরতার খবর পাওয়া গেছে। সাধারণ মানুষের নম্বর সংগ্রহ করে তাদের সন্তান বা নিকটাত্মীয় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে মিথ্যা তথ্য দিয়ে টাকা দাবি করা হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয় এই চক্রটি এবার পঞ্চগড়েও তাদের অভিনব এই কৌশলে প্রতারণা শুরু করেছে। আরও পড়ুন: পঞ্চগড়ে ঈদগাহে চাঁদা তোলার অভিযোগে যুবককে গণপিটুনি, ভিডিও ভাইরাল আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা সময় সংবাদকে বলেন, ‘আমরা এর আগে এমন ঘটনা অন্য জেলায় হয়েছে বলে শুনে এসেছি। কিন্তু এবার নিজ জেলায় হতে দেখছি। আমার এক প্রতিবেশীর কাছে ফোন দিয়ে দুর্ঘটনার কথা বলে প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।’ এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যানুযায়ী, এমন প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকেই। কেউ কেউ আতঙ্কে অর্থ লেনদেন করলেও অনেকেই বিষয়টি বুঝতে পেরে এড়িয়ে গেছেন। এ বিষয়ে সামাজিক সচেতন মহলের প্রতিনিধি মেহেদী হাসান খান বাবলা সময় সংবাদকে বলেন, ‘প্রতারক চক্রটি সাধারণ ও সহজ-সরল মানুষদের খুঁজে টার্গেট করছে; যাতে প্রতারণার বিষয়টি তারা সহজে বুঝতে না পারে। এ জেলার অধিকাংশ মানুষ সহজ-সরল। তাই সবাইকে সচেতন করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা জরুরি। একই সঙ্গে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ বিষয়ে তৎপর হওয়া প্রয়োজন।’ সার্বিক বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা মৌখিকভাবে দুর্ঘটনার কথা বলে প্রতারণার চেষ্টার খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ নির্দিষ্টভাবে লিখিত আকারে কোনো থানায় অভিযোগ দায়ের করেননি। তবে কোথাও এমন ধরনের ঘটনা ঘটলে দ্রুত অভিযোগ জানালে এই প্রতারণা রোধ করা সম্ভব হবে।’ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না থাকলেও পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পঞ্চগড় জেলায় একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফোন দিয়ে প্রতারণার তথ্য পাওয়া গেছে।

Go to News Site