Jagonews24
চোট নেই তার। তার পরেও এবার আইপিএলে খেলবেন না যশ দয়াল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলে থাকলেও তাকে মাঠে দেখা যাবে না। তবে না খেলেই বাড়িতে বসে ৫ কোটি রুপি রোজগার করবেন এই পেসার। আইপিএলের আগে বেঙ্গালুরুর শিবিরে যশকে দেখা যাচ্ছিল না। তার চোটের কোনও খবর ছিল না। ফলে যশকে দেখতে না পেয়ে অনেকে ভাবছিলেন, তাকে ছেঁটে ফেলা হয়েছে কিনা। শেষ পর্যন্ত জানা গেল, যশ বেঙ্গালুরুর হয়ে আসন্ন আইপিএলে খেলতে পারছেন না। আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাট এক সাংবাদিক বৈঠকে বলেন, এই মৌসুমে যশ দয়াল আরসিবির হয়ে খেলবে না। ওর ব্যক্তিগত কোনও সমস্যা রয়েছে। তাই ওর ভালর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ও চুক্তির মধ্যেই থাকছে। সাধারণত কোনও ক্রিকেটার ব্যক্তিগত কারণে আইপিএল না খেললে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়। ফলে টাকাও কেটে নেওয়া হয়। কিন্তু যশকে ছাড়া হচ্ছে না। একই ঘটনা ঘটেছিল জোফরা আর্চারের সঙ্গে। চোট থাকার পরেও তাকে ধরে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামের আগে ৫ কোটি রুপিতে যশকে রিটেইন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ, এই মৌসুমে বাড়িতে বসেই ৫ কোটি টাকা পাবেন এই বাঁহাতি পেসার। যশের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। ভারতের দুটি রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করছে। একটি ক্ষেত্রে অভিযোগকারিণী আবার নাবালিকা। বেঙ্গালুরুর শিবিরে সব ক্রিকেটার যোগ দিলেও গত মৌসুমে ১৩ উইকেট নেওয়া এই পেসার অনুপস্থিত ছিলেন। শুধু তা-ই নয়, দলের বাসে যশ ছাড়া বাকি সব ক্রিকেটারের ছবি রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল যে, দলের ভাবমূর্তির স্বার্থে গুরুতর অভিযোগে অভিযুক্ত ক্রিকেটারকে কি ছেড়ে দিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ? শেষ পর্যন্ত তার জবাব পাওয়া গেল। এমএমআর
Go to News Site