পাকিস্তানকে হারানোর পর সুলিভান বললেন, ‘এবার টার্গেট ভারত’
Somoy TV

পাকিস্তানকে হারানোর পর সুলিভান বললেন, ‘এবার টার্গেট ভারত’

বাংলাদেশের জার্সিতে অভিষেকটা দারুণভাবে রাঙালেন রোনান সুলিভান। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জোড়া গোল করে বনে গেলেন লাল সবুজদের জয়ের নায়ক।ম্যাচশেষে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) খেলা এ ফরোয়ার্ড জানান, তার পববর্তী লক্ষ্য ভারতকে হারানো। মালদ্বীপের মালেতে মঙ্গলবার (২৪ মার্চ) রোনান নৈপুণ্য ২-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এদিন ম্যাচের শুরু থেকে একাধিক আক্রমণ করেও সাফল্যের দেখা পাচ্ছিল না লাল সবুজরা। প্রথমার্ধ শেষ করতে হয় গোলশূন্য থেকে। অনেক প্রচেষ্টার পর দ্বিতীয়ার্ধে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন রোনান। ডি-বক্সের প্রায় ২৫ গজ দূরত্বে ফ্রি-কিক পেয়ে নেন বুলেট গতির এক দৃষ্টিনন্দন শট। যা পোস্টের দুরূহ কোণ দিয়ে জালে জড়ায়। লাফিয়েও বলের নাগাল পেতে ব্যর্থ হন পাকিস্তানের গোলরক্ষক। তাতে ম্যাচে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। এরপর আবার একের পর এক আক্রমণ চালিয়ে যায় লাল সবুজরা। তবে জালটা খুঁজে নিতে পারছিল না আক্রমণভাগের কেউ। অবশ্য হতাশ করেননি রোনান। ৬৭তম মিনিটে সতীর্থের ক্রস বক্সে পেয়ে আলতো হেডে জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত তার এই দুই গোলের কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আরও পড়ুন: রোনান সুলিভানের জোড়া গোলে দাপুটে জয় বাংলাদেশের এ জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখলো মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত। আগামী ২৬ মার্চ ওই ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখবে লাল সবুজরা। ম্যাচশেষে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে রোনান জানান, ভারতকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় তারা। তিনি বলেন, ‘এটা অসাধারণ ম্যাচ ছিল। জিততে পেরে ভালো লাগছে। পরবর্তী ম্যাচে আমরা ভারতকে হারাতে চাই এবং শিরোপার পথে এগোতে চাই।’ এদিকে অভিষেক ম্যাচে আলো কেড়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রোনান। এ ম্যাচের স্কোয়াডে ছিলেন তার আরেক ভাই ডেক্লান সুলিভানও। তবে বাংলাদেশের জার্সিতে অভিষেকের সুযোগ পাননি তিনি। আরও পড়ুন: আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামে হামজা যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা হলেও দুই ভাই বাংলাদেশকে কতটা ‍হৃদয়ে ধারণ করেন, সে দৃশ্য দেখা গিয়েছিল ম্যাচের পরই। মাঠে বাংলাদেশের পতাকা উড়িয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন দুই ভাই। রোনান আর ডেক্লানের বাবা আমেরিকান আর মা জার্মানির। তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে পরা সুলিভান ব্রাদার্সের। তাদের আরও দুই ভাইও জনপ্রিয় ফুটবলার। কাভান ও কুইন সুলিভান অবশ্য যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে জড়ানোর প্রহর গুনছেন।

Go to News Site