Somoy TV
সিঙ্গাপুর ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিটা একটু ভালোভাবে সেরে নিতে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য আগেই সেখানে পৌঁছেছেন শমিত-জামালরা। আর মঙ্গলবার (২৪ মার্চ) দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। যদিও আজ অনুশীলন করেননি, তবে দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করেছেন হামজা।হামজা চৌধুরীর ভিয়েতনামে আসার কথা ছিল গত সপ্তাহেই। তবে তার ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় তখন আসতে পারেননি। সোমবার (২৩ মার্চ) ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইন্সে রওনা হন হামজা, আজ ভিয়েতনাম সময় বিকেল চারটায় সেখানে পৌঁছান তিনি। বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান জাতীয় দলের ম্যানেজার আমের খান। ইমিগ্রেশন ও বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আধ ঘণ্টার বেশি সময় লেগে যায়। আরও পড়ুন: যুদ্ধের কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের স্থগিত হওয়া ম্যাচ হবে জেদ্দায় প্রায় ১৫ ঘণ্টা জার্নি করে ভিয়েতনামে পৌঁছান হামজা। লেস্টার সিটির এই তারকা ফুটবলার জানিয়েছে, লম্বা জার্নি হলেও খুব একটা কষ্ট হয়নি তার। ‘জার্নি ভালো ছিল। ১৫ ঘণ্টা সময় লেগেছে। ইস্তাম্বুলে শুধু বিরতি ছিল, খুব একটা কষ্ট হয়নি।’ এর আগে হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় যখন এসেছিলেন, তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকেলেই অনুশীলনে নেমে পড়তেন হামজা চৌধুরী। তবে আজ ভিয়েতনামে হামজা পা রাখার আগেই অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। তাই আর অনুশীলনে যোগ দেননি হামজা। আরও পড়ুন: পাকিস্তানকে হারানোর পর সুলিভান বললেন, ‘এবার টার্গেট ভারত’ তবে সবচেয়ে স্বস্তির খবর এই যে, পুরোপুরি সুস্থ আছেন হামজা চৌধুরী। তিনি বলেন, ‘ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে, মাঠে নামার জন্য প্রস্তুত আছি। আমি খেলতে মুখিয়ে আছি।’ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন হামজা-শমিতরা। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলে সরাসরি ঢাকায় আসবেন জামালরা, আর সেখান থেকেই ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা চৌধুরী।
Go to News Site