Somoy TV
বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পুরোনো কৌশলে লিওনেল স্ক্যালোনি। অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু তরুণ মুখ নিয়ে আবারও বাজিমাত করতে চান এই মাস্টারমাইন্ড। এরই মধ্যে বিভিন্ন লিগে স্কাউটিং শেষ করে দল গুছিয়ে ফেলেছেন আর্জেন্টাইন কোচ। তার স্কোয়াড এবারও চমক উপহার দেবে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।কাতার বিশ্বকাপে স্ক্যালোনি যখন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ আর ম্যাক অ্যালিস্টারকে রেখে দল ঘোষণা করেন, চারদিকে উঠেছিলো সমালোচনার রব। আর্জেন্টিনার অনেক বড় নাম বাইরে রেখে তার এই স্কোয়াড জন্ম দিয়েছিলো বিস্ময়ের। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেছে তারাই আলবিসেলেস্তের তুরুপের তাস। স্ক্যালোনির এই কৌশল নিয়ে বিভিন্ন মহলে গবেষণাও হয়েছে বিস্তর। আরও একটা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আবারও ঘুরে ফিরে আলোচনায় লিওনেল স্ক্যালোনির কৌশল। বিশ্লেষকদের প্রশ্ন, আবারও কি পুরোনো স্ট্র্যাটেজিতে ভেলকি দেখাবেন তিনি? অভিজ্ঞ আর নতুনদের মিশেলে গড়ে তুলবেন বিধ্বংসী এক স্কোয়াড। যারা আর্জেন্টিনার হয়ে মিশনে নামবে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের। আরও পড়ুন: দলের সঙ্গে যোগ দিয়েই হামজা বললেন— ‘মাঠে নামার জন্য প্রস্তুত আছি’ শুনতে বেশ সহজ মনে হলেও এমন দল সাজানো খুবই চ্যালেঞ্জিং। কারণ লিওনেল মেসিদের মতো অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মেন্টাল অ্যাডজাস্টমেন্টের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে। সেই জায়গাতেই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন স্ক্যালোনি। সেই আস্থার জায়গা থেকেই আবারও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টাইন কোচ। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, দল গঠনের জন্য স্ক্যালোনির কোচিং স্টাফ ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে বিভিন্ন লিগে। তাদের একটা খসড়া তালিকাও এরই মধ্যে নাকি তৈরি হয়ে গেছে। রক্ষণে গভীরতা আনতে এরই মধ্যে কোচের গুড বুকে ঢুকে পড়েছেন বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি এবং ইন্টার মিলান সেন্টার ব্যাক থমাস ফ্যালাসিওস। ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজের ইনজুরি খুলে দিয়েছে তাদের দরজা। আরও পড়ুন: যুদ্ধের কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের স্থগিত হওয়া ম্যাচ হবে জেদ্দায় আর্জেন্টাইন লিগ রেসিং-এ খেলা গ্যাব্রিয়েল রোহাস স্ক্যালোনির মন জয় করেছেন তার পারফরমেন্স দিয়ে। একইভাবে ইতালিয়ান ক্লাব কমোর অ্যাটাকিং মিডে খেলা নিকো পাজ’ও সুযোগ পেতে চলেছেন বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে। মধ্যমাঠের গভীরতা বাড়াতে দলে যুক্ত হতে পারেন মেক্সিমো পেরেরা। আর আক্রমণভাগে কোচের পছন্দের তালিকায় শীর্ষে আছেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং হোসে লোপেজ। এছাড়াও ইয়াং ট্যালেন্ট ভ্যালেন্তিন বার্কো বিবেচিত হতে পারেন বিগ রোলের জন্য। তবে বিশ্বকাপ স্কোয়াডে এখনও কেউ চূড়ান্ত নয়। মার্চ উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেখানে বেশ কাটাছেঁড়ার অপশন রেখেছে এএফএ। এই ম্যাচ দুটোতে ফুটবলারদের পারফরমেন্স আর ইনজুরি কনসার্ন বিবেচনায় নিয়েই মে’তে বিশ্বকাপের স্পেশাল ছাব্বিশ ঘোষণা করবে লিওনেল স্ক্যালোনি।
Go to News Site