Somoy TV
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জান্নাতুল বাকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার তেলিপাড়া এলাকার বাসিন্দা মোস্তাক আহমদের মেয়ে এবং ইফতেখার মাহবুবের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল বাকিয়া কক্সবাজার থেকে বাসে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। পথে পদুয়া এলাকায় বাসটি থামলে তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে নিচে নামেন। পরে সড়ক পারাপারের সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালির ওপরের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ের হাড় ভেঙে যায় বলে সহপাঠীরা জানিয়েছেন। এছাড়া তিনি মাথায়ও গুরুতর আঘাত পান। আরও পড়ুন: ঈদে রাজধানীর সড়কে বেপরোয়া চলাচল, নিটোরেই চিকিৎসা নিয়েছেন ৪০০ রোগী পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে ভর্তি আছেন। জান্নাতুল বাকিয়ার সহপাঠীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে গেছেন এবং তার পাশে থাকার চেষ্টা করছেন। পরিবারের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগে কিছুটা জটিলতা থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন তারা। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। তবে মোটরসাইকেল চালকের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Go to News Site