‘চাকরির বয়স বাড়াতে বিল আসছে’, ‘ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ’
Somoy TV

‘চাকরির বয়স বাড়াতে বিল আসছে’, ‘ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ’

প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বুধবার (২৫ মার্চ) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। চাকরির বয়স বাড়াতে বিল আসছে - দৈনিক সমকালে প্রকাশিত সংবাদ এটি।প্রতিবেদনে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ’ হুবহু বিল আকারে সংসদের বিবেচনার জন্য সুপারিশ করতে যাচ্ছে সংসদীয় বিশেষ কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।  ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। এছাড়া গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ করতে যাচ্ছে কমিটি। দুটি ডিজেলবাহী জাহাজ আনতে বাড়তি ব্যয় ৩৩০ কোটি টাকা - দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আমদানিনির্ভর হওয়ায় এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। এ মাসে দেশে আসা দুটি ডিজেলবাহী জাহাজের জন্য অতিরিক্ত প্রায় ৩৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। সব মিলিয়ে জ্বালানি আমদানিতে আগের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে।   সরকার বাড়তি দামে জ্বালানি কিনতে শুরু করলেও দেশে এখনো জেট ফুয়েল ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হয়নি। ফলে পরিবহন, শিল্প ও উৎপাদন খাতে এখনো সরাসরি বড় প্রভাব পড়েনি। জ্বালানির দাম বাড়ানো হলে পরিবহন ব্যয় বাড়বে, উৎপাদন খরচ বাড়বে। ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ - দৈনিক যুগান্তরের প্রধান খবর এটি।প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভুয়া ঠিকানায় পুলিশ নিয়োগ! খবরের এমন শিরোনাম অবিশ্বাস্য হলেও বাস্তবে তা ঘটেছে। শুধু দু-একজন নন, শত শত। আওয়ামী জমানায় গোপালগঞ্জসহ বিশেষ ছয়টি জেলার ছাত্রলীগ নেতাকর্মীদের জেলা কোটায় নিয়োগ দিতে এমন নজিরবিহীন দুর্নীতি-জালিয়াতির আশ্রয় নেয়া হয়। বাকি জেলাগুলো হলো ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট ও খুলনা।   বিরোধী মত দমনসহ ক্ষমতায় থাকাকে পাকাপোক্ত করতে পুলিশবাহিনীর মধ্যে এভাবে ‘আওয়ামী বাহিনী’ তৈরি করতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে এই অপকর্মে নেতৃত্ব দেন তৎকালীন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান। আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরে যিনি একাধিক প্রাইজ পোস্টিং ভোগ করে সরকার পতনের শেষদিন পর্যন্ত ডিএমপি কমিশনার ছিলেন। পার্লারে কাজের নামে তরুণীদের ভারতে পাচার - দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সিলেটের জাফলং সীমান্ত দিয়ে তরুণীদের ভারতে পাচার নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। ঈদের আগের দিন স্থানীয় নকশিয়া পুঞ্জিতে দুই তরুণীকে আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে শঙ্কা আরও বেড়েছে। অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে পাচার হওয়া এসব তরুণীর মধ্যে অনেকেই দেশে ফেরেন, আবার অনেকেই চিরদিনের জন্য হারিয়ে যান।  ২০২৪ সালের ৫ই আগস্টের পর যখন বাংলাদেশের অনেক নাগরিকদের ভারত থেকে ধরপাকড় করে বাংলাদেশে পাঠানো হয় সেখানে অনেক তরুণী ছিলেন। ফেরত আসা এসব তরুণীরা তাদের ওপর ঘটে যাওয়া অবর্ণনীয় নির্যাতনের কথা জানিয়েছিলেন গণমাধ্যমসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে। কাজের কথা বলে তাদের ভারতের দিল্লি, মুম্বইসহ কয়েকটি শহরে নিয়ে গিয়ে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছিল। এতে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আবার কেউ কেউ দেশের পথও হারিয়ে ফেলেন।  হামলা চলছেই, যুদ্ধ সহসা শেষ হচ্ছে না! - দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি।প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামলা আর পাল্টা হামলার মধ্য দিয়ে উপসাগরীয় যুদ্ধের আরেকটি দিন যথারীতি কেটে গেল। ইরান বরাবরের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে ইসরায়েলে হামলা চালাচ্ছে। আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্ভরতা চৌকস বিমান হামলায়। যুদ্ধটি প্রকৃতপক্ষে কোন দিকে মোড় নিচ্ছে, তা এই মুহূর্তে সুস্পষ্টভাবে বলার সুযোগ নেই।  তবে একটি বিষয় খুবই পরিষ্কার হয়ে গেছে, হরমুজ প্রণালি ‘কার্যত বন্ধ’ থাকায় বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক অনুভূত হচ্ছে। অন্যদিকে মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

Go to News Site