Somoy TV
একদিন-দুইদিন নয়, কিংবা দুই-এক বছরও নয়— অ্যানফিল্ডে দীর্ঘ ৯ বছরের ইতি টানতে যাচ্ছেন মোহামেদ সালাহ। খবরটা শুনে ফুটবলপ্রেমীদের খুব একটা অবাক হওয়ার কথা নয়, কেননা বেশ কিছুদিন ধরেই সালাহ’র লিভারপুল ছাড়ার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এবার সেই গুঞ্জনই সত্যি করতে যাচ্ছেন মিশরীয় এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সালাহ নিজেই জানিয়েছেন, এই মৌসুম শেষে তিনি লিভারপুল ছাড়ছেন।নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা গুঞ্জন তৈরি না করে, যত দ্রুত সম্ভব বিষয়টি পরিষ্কারভাবে ভক্তদের জানাতে চান মোহামেদ সালাহ। তিনি জানান, সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের প্রতি সম্মান দেখিয়েই তিনি স্বচ্ছতা বজায় রাখতে এই ঘোষণা দেওয়ার ইচ্ছা পোষণ করছেন। মাঠের সময়টা বেশ কঠিন যাচ্ছিল সালাহ’র জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচে করেছেন ১০ গোল, যা অ্যানফিল্ড অধ্যায়ে তার কোনো সর্বনিম্ন স্কোর হতে যাচ্ছে। কোচের সঙ্গে বিরোধ তৈরির পর অবশ্য মনে করা হচ্ছিল, মৌসুমের মাঝপথে জানুয়ারিতেই ক্লাব ছাড়তে পারেন তিনি। সেই সময়টা কেবল কিছুটা পিছিয়েছে, অর্থাৎ মৌসুম শেষেই চূড়ান্ত বিদায়টা নেবেন তিনি। ২০১৭ সালের গ্রীষ্মে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে নাম লেখান সালাহ। এরপর ধীরে ধীরে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্লাবের হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি লিগ কাপ এবং একটি এফএ কমিউনিটি শিল্ড জিতেছেন সালাহ। আরও পড়ুন: বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আবারও কী পুরোনো কৌশলে হাঁটবেন আর্জেন্টাইন কোচ! লিভারপুলের জার্সিতে অসাধারণ এক অধ্যায় গড়ে তুলেছেন মোহামেদ সালাহ। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন এই মিশরীয় তারকা। শুধু দলীয় সাফল্যই নয়, ব্যক্তিগত অর্জনেও তিনি উজ্জ্বল— একাধিক সম্মাননার পাশাপাশি চারবার জিতেছেন মর্যাদাপূর্ণ প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট। View this post on Instagram A post shared by Mohamed Salah (@mosalah) চলতি মৌসুমে এখনও অনেক খেলা বাকি আছে। তবে ক্লাব ছাড়ার কথা বললেও আপাতত খেলাতেই মনোযোগ সালাহ’র, যাতে লিভারপুলের হয়ে মৌসুমটি ভালোভাবেই শেষ করতে পারেন। এক ভিডিও বার্তায় সালাহ বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে, এটি আমার বিদায়ের প্রথম পর্ব। এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর শুরুতেই দেখানো হয় মোহামেদ সালাহ’র বর্ণাঢ্য পথচলার ঝলক— বছরের পর বছর লিভারপুলের জার্সিতে তার রেকর্ডগড়া পারফরম্যান্স, গুরুত্বপূর্ণ গোল এবং ট্রফি জয়ের স্মরণীয় মুহূর্তগুলো। এসব অর্জনের মধ্য দিয়েই প্রিমিয়ার লিগের মঞ্চে তিনি নিজেকে এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যা ভিডিওটির সূচনাতেই স্পষ্টভাবে ফুটে ওঠে। আরও পড়ুন: দলের সঙ্গে যোগ দিয়েই হামজা বললেন— ‘মাঠে নামার জন্য প্রস্তুত আছি’ এরপর তিনি বলতে থাকেন, ‘শুরুটা করতে চাই এই বলে যে … এই ক্লাবটি হৃদয়ের কতটা গভীরে স্থান নিয়েছিল তা কখনও কল্পনা করিনি। এই শহর, এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। লিভারপুল কেবল একটি ক্লাবই নয়, এটি আবেগের নাম। এর ইতিহাস রয়েছে। এমন স্পৃহা আছে যা ক্লাবের অংশ নয় এমন কারও কাছে শব্দে বর্ণনা করে শেষ হবে না।’ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান সালাহ। ‘যারা আমার ক্যারিয়ারের সেরা সময়টায় পাশে ছিলেন, কঠিন সময়েও দাঁড়িয়ে ছিলেন। এটি এমন বিষয় যা আমি কখনও ভুলবো না এবং আমার সঙ্গে সবসময়ই থেকে যাবে। বিদায় বলাটা সহজ নয়। আপনারা আমার জীবনের সবচেয়ে সেরা সময়গুলো দিয়েছেন, সবসময় আপনাদের একজন হয়ে থাকবো। ক্লাবটি সবসময় আমার বাড়ি এবং আমার কাছে পরিবার হয়ে থাকবে। সবকিছুর জন্য কৃতজ্ঞতা, আপনাদের কারণে আমি কখনও একা হাঁটবো না।’ সালাহ’র ক্লাব ছাড়ার ঘোষণার পর লিভারপুল একটি বিবৃতি দিয়েছে। যেখানে ইংলিশ বলা হয়েছে, ‘মোহামেদ সালাহ ২০২৫-২৬ মৌসুম শেষে লিভারপুল এফসির সঙ্গে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। অ্যানফিল্ডে অবিস্মরণীয় নয় বছরের অধ্যায় সমাপ্তি নিয়ে ক্লাবের সঙ্গে সম্মতিতে পৌঁছেছেন তিনি। সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবশত, নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছতা রাখতে সালাহ যত দ্রুত সম্ভব এই ঘোষণাটি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও এই মৌসুমে এখনও অনেক খেলা বাকি, সালাহ তার শেষ মৌসুমটা লিভারপুলের হয়ে সবচেয়ে সেরা উপায়ে শেষ করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এরপর যখন অ্যানফিল্ডে তিনি বিদায় নেবেন— আমরা তার লিগ্যাসি ও অর্জন উদযাপন করবো।’
Go to News Site