বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
Jagonews24

বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২২) বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভুক্তভোগী তরুণী কচাকাটা থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ হাসানকে (২৯) গ্রেফতার করে। জানা গেছে, গত সোমবার (২৩ মার্চ) দিনগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, জেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের ২২ বছর বয়সি ওই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী বল্লভের খাস ইউনিয়নের ধারিয়ার পাড় গ্রামের জাহিদ হাসানের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন (সোমবার) সন্ধ্যায় জাহিদ তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে ডেকে নেয়। পরে উপজেলার কচাকাটার আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীরবর্তী একটি ভুট্টা ক্ষেতে ওই তরুণীকে নিয়ে যান জাহিদ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার বন্ধু বাবু ও অজ্ঞাত পরিচয় আরেক সহযোগী মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী গভীর রাতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ প্রধান আসামি জাহিদকে গ্রেফতার করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। রোকনুজ্জামান মানু/কেএইচকে/এমএস

Go to News Site