Somoy TV
পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ায় ক্ষোভে নিজের জন্মদাতা বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনায় হতবাক হয়েছেন স্থানীয়রা।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম শাহ আলম মিয়া শালু। স্থানীয়রা জানান, আনালেরতাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া মারা যাওয়ার আগে তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। তার পাঁচ ছেলে হলেন যথাক্রমে বড় ছেলে জালাল উদ্দিন, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া, তৃতীয় ছেলে রেজ্জাক মিয়া, চতুর্থ ছেলে এজাদুল মিয়া এবং সবচেয়ে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু। জানা যায়, আব্দুল মান্নান মিয়ার কবরটি দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গার মধ্যে পড়েছে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর অভিযোগ, ইকবাল মিয়াকে জমির ভাগ বেশি দেয়া হয়েছে। এই অভিযোগ তুলে ওই জায়গাটি নিজের বলে দাবি করেন শালু। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি তার বাবার কবরের ওপর উঠে ভাঙচুর চালান। আরও পড়ুন: জমে উঠেছে উত্তরাঞ্চলের বৃহৎ মরিচের হাট, অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ এমন ন্যক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। যে ঘটনাটি ঘটেছে, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’
Go to News Site