পন্টুন থেকে নদীতে বাস: হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
Somoy TV

পন্টুন থেকে নদীতে বাস: হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে শোক প্রকাশ করেন তিনি। জামায়াত আমির লিখেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আল্লাহ তায়ালা তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।’ এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সব উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান। আরও পড়ুন: ডুবে যাওয়া বাস থেকে ২ নারীর মরদেহ উদ্ধার তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই দুর্গতদের পাশে দাঁড়াই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন সবাইকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করেন।’ এদিন বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল বলে জানিয়েছেন একাধিক যাত্রী। বাস থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় দুজনের মরদেহ উদ্ধার হলেও অন্য যাত্রীদের খোঁজ এখনো মেলেনি।

Go to News Site