চট্টগ্রামের শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল
Jagonews24

চট্টগ্রামের শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ১০টা ২৫মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি এরাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সব ফ্লাইট বন্ধ ছিল না। এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত আটটি এরাইভাল এবং চারটি ডিপার্চার ফ্লাইট সচল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোতে স্থবিরতা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ সাতটি ফ্লাইট বাতিল হওয়ায় সংখ্যা আরও বেড়েছে। এমআরএএইচ/আরএইচ

Go to News Site