Somoy TV
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি কয়েকদিন ধরে বন্ধুপ্রতিম কয়েকটি দেশের মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। ইরানও নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সতর্কবার্তা দিয়েছে। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে। ইরান যুদ্ধ চায় না বলেও উল্লেখ করে আব্বাস আরাঘচি বলেন, এই যুদ্ধ যেন স্থায়ীভাবে বন্ধ হয়, সেটিই চাওয়া তেহরানের। আর প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার ক্ষতিপূরণ চায় বলেও জানান তিনি। আরও পড়ুন: দ্বীপ দখলের পরিকল্পনায় জড়িত প্রতিবেশী দেশকে ইরানের কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ইরানের নীতি হলো হামলা চালিয়ে যাওয়া এবং আপাতত তেহরানের আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই। তিনি আরও বলেন, ‘এটি ইসরাইলের যুদ্ধ এবং এর মূল্য দিচ্ছে এই অঞ্চলের মানুষ ও যুক্তরাষ্ট্রের জনগণ।’ আরাঘচির মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের মূল লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে দ্রুত সামরিক জয় পাওয়া এবং তেহরান সরকারের পতন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব ইরান যেভাবে দিয়েছে, তা বিশ্বকে এটিই দেখিয়েছে যে ‘কোনো দেশই ইরানের নিরাপত্তার প্রতি হুমকি দিতে পারে না।’ আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে পাল্টা ৫ শর্ত ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্যের আগে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘ফলপ্রসূ আলোচনা’ চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ইরানের জ্বালানি স্থাপনায় বোমা হামলার বিষয়ে ট্রাম্পের হুমকির পর এটি স্পষ্ট হয়েছে যে ইরান আলোচনায় বসতে চায়।
Go to News Site