Somoy TV
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা ঠেকাতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হস্তক্ষেপ চেয়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের দৈনন্দিন সহিংসতা দমনে ইসরাইলি কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, ‘আমি আর নীরব থাকব না, হেগে অবস্থিত আইসিসির দৃষ্টি আকর্ষণ করছি- তাদের বিরুদ্ধে (অবৈধ বসতি স্থাপনকারী) আইনানুগ ব্যবস্থা ও গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানাই। ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কট্টর সমালোচক ওলমার্ট হেগে অবস্থিত আদালতে সহিংস বসতি স্থাপনকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। তার দাবি, এসব সহিংসতায় জড়িতদের ‘সরকারি মহলের সহায়তা, সমর্থন ও প্ররোচনা’ রয়েছে। তিনি বলেন, তারা পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে এমন হামলা চালাচ্ছে, যা ‘একসময় ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে পরিচালিত হামলার’ কথা মনে করিয়ে দেয়। ওলমার্ট বলেন, ‘যদি ইসরাইলের আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করে, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনি ও আমাদের সবাইকে এসব অপরাধ থেকে রক্ষা করবে।’ ওলমার্ট শুধুমাত্র ইসরাইলি বেসামরিকদের সহিংসতার ঘটনায় আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনিদের ওপর হামলায় ইসরাইলি সেনারাও সরাসরি জড়িত। আরও পড়ুন: গাজা ও পশ্চিম তীরে সমান তালে চলছে ইসরাইলি বর্বরতা সম্প্রতি ইসরাইলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তির ওপর ব্যাপক হামলা চালিয়েছে। অবৈধ বসতি স্থাপনকারীরা সবচেয়ে বড় হামলা চালিয়েছে জেনিনের দক্ষিণে আল-ফান্দাকুমিয়া ও সিলাত আদ-ধাহর শহরে। সেখানে হোয়েশ বসতি থেকে আসা লোকজন হামলা চালায়। এই হোয়েশ বসতিটি ওই দুই শহরের জমির ওপর নির্মিত। ২০০৫ সালে খালি করে দেয়ার পর বিগত কয়েক বছরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা আবার সেখানে তাদের উপস্থিতি জোরদার করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়লেও গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর তা আরও চরম আকার ধারণ করেছে। ওলমার্ট ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের ১২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার আগে ১৯৮৮ থেকে ১৯৯২ এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
Go to News Site