ইরানি নেতারা আলোচনার বিষয় স্বীকার করতে ‘ভয় পাচ্ছেন’: ট্রাম্প
Somoy TV

ইরানি নেতারা আলোচনার বিষয় স্বীকার করতে ‘ভয় পাচ্ছেন’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানি নেতারা আলোচনায় রয়েছে বলে আবারও দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান কংগ্রেসনাল কমিটি আয়োজিত একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানি নেতাদের বক্তব্য দেখলাম তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করছে এবং আলোচনায় অংশ নিতে চায় না বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইরানি নেতাদের বক্তব্যে দ্বিমত পোষণ করে বলেন,তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে নিজেদের জনগণই তাদের হত্যা করতে পারে। এমনকি তারা আমেরিকার হাতেও মারা যাওয়ার ভয় পাচ্ছে। আরও পড়ুন: ইরান যুদ্ধ কি শেষের পথে? মার্কিন প্রেসিডেন্ট কয়েকদিন ধরেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ চলছে। তবে ইরান বারবার বলছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। এমনকি ইরানের নেতারা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিজের সঙ্গেই আলোচনা করছে।’ স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, সম্প্রতি কয়েকদিন ধরে বন্ধুপ্রতিম কয়েকটি দেশের মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। ইরানও নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সতর্কবার্তা দিয়েছে। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ চায় না বলেও উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ যেন স্থায়ীভাবে বন্ধ হয়, সেটিই চাওয়া তেহরানের। আর প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার ক্ষতিপূরণ চায় বলেও জানান তিনি। সূত্র: বিবিসি, আল জাজিরা

Go to News Site