Jagonews24
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী, তবে আগ্রহের বিষয়টি প্রকাশ করতে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে ও চুক্তি করতে খুবই আগ্রহী। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। কারণ, তাদের সরকারি কর্মকর্তারা মনে করছেন, তারা নিজেদের লোকদের হাতে মারা যাবে। আমাদের হাতে মারা যাওয়া ভয়ও পাচ্ছে। এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল যে ইরানের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা করা হবে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন যে যুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান হয়েছে। তবে এই বার্তা বিনিময় কোনো ‘আলোচনা’ নয় বলেও জানিয়ে দেন তিনি। সূত্র: সিএনএন এসএএইচ
Go to News Site