রাসেলের জার্সিকে অবসরে পাঠাল কলকাতা
Somoy TV

রাসেলের জার্সিকে অবসরে পাঠাল কলকাতা

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর এবার কোচিং স্টাফে যুক্ত হয়েছেন তিনি।নতুন মৌসুমের আগে কেকেআর রাসেলকে নিলামের জন্য ছেড়ে দিলেও, আইপিএল থেকে অবসরের ঘোষণা দেয়ায় তাকে আর নিলামে তোলা হয়নি। বরং দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে দায়িত্ব দিয়ে তাকে দলে রাখা হয়েছে।এরই মধ্যে রাসেলের অবদানকে সম্মান জানিয়ে তার ১২ নম্বর জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘নাইটস আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠানে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসর আনুষ্ঠানিকভাবে রাসেলের হাতে সেই জার্সি তুলে দেন।২০১৪ সালে কেকেআরে যোগ দেয়ার পর থেকেই দলের অন্যতম ভরসার নাম ছিলেন রাসেল। আইপিএলে কেকেআরের হয়ে ১৩৩ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ২,৫৯৩ রান করেছেন তিনি। বল হাতেও সমান কার্যকর ছিলেন এই অলরাউন্ডার—নিয়েছেন ১২২ উইকেট। কেকেআরের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় সুনীল নারিনের পরেই তার অবস্থান।আরও পড়ুন: ১৮ বছর আগের চুক্তি কোটিপতি বানাল ওয়ার্নের পরিবারকে রাসেলের ব্যক্তিগত অর্জনও কম নয়। ২০১৫ ও ২০১৯ মৌসুমে আইপিএলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তবে সর্বশেষ আসরে নিজের ছায়া হয়ে ছিলেন এই তারকা—১০ ইনিংসে করেন ১৬৭ রান এবং নেন ৮ উইকেট।নতুন মৌসুমে কেকেআর কোচিং স্টাফেও এসেছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার। সহকারী কোচ হিসেবে আছেন শেন ওয়াটসন এবং বোলিং কোচের দায়িত্বে রয়েছেন টিম সাউদি।

Go to News Site