Somoy TV
লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া চুরির মামলার এক আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। শ্বাসরুদ্ধকর এক রাতভর অভিযান শেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার ওই আসামির নাম মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলাম (২৭)। তিনি উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের বাড়িতে আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে চোরকে শনাক্ত করা হয়। এরপর বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান চুরির কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল উদ্ধারের জন্য তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। কিন্তু পথিমধ্যে সুযোগ বুঝে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে পালিয়ে যান তিনি। আরও পড়ুন: হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াতের আমির গ্রেফতার আসামি পালিয়ে যাওয়ার পরপরই তাকে ধরতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। রাতেই উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি দলে বিভক্ত হয়ে অভিযান শুরু করে তারা। অবশেষে সারারাত টানা অভিযানের পর বৃহস্পতিবার সকালে সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকেই তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তার দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই পণ্য উদ্ধারে যাওয়ার সময় সে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সকালে তাকে আবারও গ্রেফতার করতে সক্ষম হয়।’ তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে চুরি এবং পুলিশ হেফাজত থেকে পালানোর অপরাধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Go to News Site