দক্ষিণ কোরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
Somoy TV

দক্ষিণ কোরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।বৃহস্পতিবার (২৬ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসের কর্মসূচির শুরুতে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিকেলে দূতাবাসের মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আরও পড়ুন: মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদ ও নির্যাতিত মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা, শহিদ এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে বর্তমান সরকারের গৃহীত নীতির বিভিন্ন দিক তুলে ধরেন। আরও পড়ুন: মালদ্বীপে মহান স্বাধীনতা দিবস উদযাপন তিনি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৈধভাবে বিদেশে কর্মসংস্থান ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।

Go to News Site