২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার, প্রথমদিনে ‘সি’ ইউনিট
Jagonews24

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার, প্রথমদিনে ‘সি’ ইউনিট

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (২৭ মার্চ)। এদিন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটি সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। দেশের ২১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন ২৫ হাজারেরও বেশি ভর্তিচ্ছু। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় সময় থাকবে এক ঘণ্টা। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। সেকেন্ড টাইম আবেদন করা শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সচিব অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে আজই প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পর টেকনিক্যাল কমিটি এবং সংশ্লিষ্টরা উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রস্তুত করবেন।’ অভিভাবকদের জন্য নাস্তা-বিশ্রামের ব্যবস্থাভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা সেবার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য নাশতা ও বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছ। এদিকে, শিক্ষার্থী-অভিভাবকদের কেউ অসুস্থ হয়ে পড়লে সেবা দিতে প্রস্তুত থাকবে মেডিকেল টিম। এছাড়া সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিয়োজিত থাকবে বিএনসিসি, রোভার স্কাউটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভর্তি কমিটি সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলে ১৬ জানুয়ারি পর্যন্ত। এতে তিনটি ইউনিটে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরমধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন প্রায় সাড়ে ১৩ হাজার। এদিকে, গুচ্ছ কমিটি ও ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ মার্চ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এরপর, ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর। ১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ। এএএইচ/বিএ

Go to News Site