মাদারীপুরে ফল ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের বিচার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
Somoy TV

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের বিচার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মাদারীপুরে জাকির শেখ নামে এক ফল ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ফল ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে দীর্ঘ যানজনের সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ এসে অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রাসেল বেপারীর বসতঘরে সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে একই এলাকার মজিদ খানের পরিবারের সঙ্গে সালিশ-বৈঠকের আয়োজন করেন এলাকার মাদবররা। সেখানে পরিকল্পিতভাবে রাসেলকে কুপিয়ে আহত করা হয়। বাধা দেয়ায় নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে ফের সালিশের কথা বলে রাসেলের শ্বশুর ফল ব্যবসায়ী জাকির শেখকে খবর দিয়ে জামাইয়ের বাড়িতে আনা হয়। জাকির শেখ ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে জখম করে মজিদ খান ও তার ছেলেসহ সমর্থকরা। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আরও পড়ুন: বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা ঘটনার পর অভিযুক্তদের তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ১নং আসামি ইলিয়াস খানসহ ৪ জনকে বুধবার (২৫ মার্চ) রাতে গাজীপুর ও মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব-৮। আরও পড়ুন: ছেলেকে চুরির অপবাদ ও স্বামীকে মারধর, অপমানে নিজের প্রাণ নিলেন গৃহবধূ রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন জানান, ফল ব্যবসায়ীকে হত্যায় জড়িতদের ধরতে পুলিশ ও বিভিন্ন ইউনিটের অভিযান চলমান রয়েছে। এলাকায়ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।

Go to News Site