Somoy TV
বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ দুই বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী হামলার ঘটনা ঘটেছে। এতে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। পাশাপাশি ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় এই হামলা ও লুটপাটের ঘটনা চলে। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে কয়েকটি বসতঘরে আগুন দেয়া হয় এবং মালামাল লুটপাট করা হয়। বিশ্বাসদের হামলায় ফারুক শেখের ছেলে রাজীব শেখ নিহত হন। মোহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বিশ্বাস বাড়ির সন্ত্রাসী বাহিনী শেখ বাড়ির প্রায় ৩০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। তারা ঘরে থাকা সোনাদানা, নগদ টাকা-পয়সাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে তাদের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরও পড়ুন: কবরস্থানের জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, কলেজছাত্র নিহত ভুক্তভোগী মো. রিপন শেখ বলেন, আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। শেখ বংশের ২০ থেকে ৩০টি বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদ বিশ্বাসের বিরুদ্ধে মাদক বিক্রিতে বাধা দেয়ায় তার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ও দোকানঘরে হামলা চালায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী মুঠোফোনে জানান, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় রাজীব নামে একজন নিহত হয়েছেন।
Go to News Site