ইতিহাসের শিক্ষা পাথেয় করে আমাদের চলতে হবে: তথ্যমন্ত্রী
Somoy TV

ইতিহাসের শিক্ষা পাথেয় করে আমাদের চলতে হবে: তথ্যমন্ত্রী

জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা যারা রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব পেয়েছি, তাদের ইতিহাসের শিক্ষাগুলো পাথেয় করে পথ চলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।তিনি সতর্ক করে বলেন, জনগণকে কেন্দ্র করে চিন্তা করার যে মনোজগৎ, সেখান থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের মতো পরিণতি তৈরি হবে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী। ২০২৪ সালের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের যে ব্যাখ্যা এবং অভিজ্ঞতা তার আলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তবে বর্তমানে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ও সমাজকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছি, আমাদের শিখতে হবে ও বুঝতে হবে এবং চলার পথে ইতিহাসের এই শিক্ষাগুলোকে আমাদের পাথেয় করে চলতে হবে।অনুষ্ঠানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন: জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রীতথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ কনস্যুলেটে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রদূত এম আমানুল হক ও কনসাল জেনারেল মিজানুর রহমান। তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে তুরস্ক পৌঁছান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন হবে। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে দেশে ফেরার কথা রয়েছে তথ্যমন্ত্রীর।

Go to News Site