Somoy TV
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। ঈদ যাত্রায় মৃত্যুর মিছিল - দৈনিক মানবজমিনের প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদের যাত্রাপথ যেন মৃত্যু উপত্যকা। সড়ক, রেল আর নৌ-পথে প্রতিদিনই ঘটছে মৃত্যুর মিছিল। কেউ ঈদ উদ্যাপনে বাড়ি যেতে, আবার কেউ কর্মস্থলে ফিরতে প্রাণ হারিয়েছেন। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে। ঈদের আগে ও পরে সড়ক, রেল ও নৌপথে বড় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এবারের ঈদ যাত্রায় বৃহস্পতিবার (২৬ সার্চ) সকাল পর্যন্ত ৩৪২টি দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন বলে মানবজমিনকে নিশ্চিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এরমধ্যে আহত রয়েছে হাজারের বেশি।বিষাদে বিলীন ঈদ আনন্দ - দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেশ কিছু লোক জড়ো হয়েছিল। বেশির ভাগই চুপচাপ। তারা দেখতে এসেছে আগের দিন বুধবার পদ্মায় বাসডুবির ঘটনাস্থল। এই দুর্ঘটনায় বিষাদে বিলীন হয়েছে হতাহতদের ঈদের ছুটি। বেশির ভাগ যাত্রী ছুটি কাটিয়ে ফিরছিলেন ঢাকায়। এদিন ৪০ জন যাত্রী নিয়ে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। গতকাল দুপুর ১২টা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ফেরিঘাটে অব্যবস্থাপনা, ঢালু সড়ক, অরক্ষিত পন্টুন - দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ এটি।প্রতিবেদনে বলা হয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস পড়ে অন্তত ২৬ জনের মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও ঘাট পরিচালনার বিশৃঙ্খলার চিত্র। রেলিংবিহীন অরক্ষিত পন্টুন, ঢালু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক, ফেরিতে আগে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা এবং অব্যবস্থাপনার কারণে ফেরিঘাটটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাসডুবির ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকালই সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ক্ষমতার দম্ভে বেপরোয়া নেতৃত্ব দেন গুম-খুনে - দৈনিক যুগান্তরের প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এক-এগারো এবং আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দম্ভে বেপরোয়া ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে গুম-খুনের মাধ্যমে তিনি রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেন। ফোনে আড়ি পাতা এবং একাধিক জঙ্গি নাটকের প্রবক্তাও বলা হয় এই মামুন খালেদকে। রাজনীতিকদের ওপর নির্মম নির্যাতন এবং ব্যবসায়ীদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায়সহ অসংখ্য অভিযোগ রয়েছে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। আয়নাঘরের রূপকার এই মামুন খালেদ আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ছিলেন। তার সময়কালে মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটিয়ে অসংখ্য মানুষকে আয়নাঘরে আটকে নির্যাতন করা হয়। দেশের অলোচিত অনেক গুমের হোতাও তিনি।জ্বালানি তেল ও গ্যাস আনতে বিকল্প আট দেশে নজর - দৈনিক সমকালে প্রকাশিত সংবাদ এটি।প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দরজা বন্ধ থাকায় জ্বালানি তেল ও গ্যাসের বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। এতদিন কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ওপর নির্ভরশীল থাকলেও এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, অ্যাঙ্গোলা ও থাইল্যান্ড থেকেও সংগ্রহ করা হচ্ছে তেল-গ্যাস। নতুন করে যোগাযোগ করা হয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে। এসব দেশের বন্দর থেকে এরই মধ্যে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে এসেছে ২১টি জাহাজ। গতকাল বৃহস্পতিবারও ডিজেল ও জেট ফুয়েলবোঝাই একটি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। মালয়েশিয়া থেকে এলপিজিবোঝাই এবং ইন্দোনেশিয়া থেকে এলএনজি বোঝাই আরও একটি জাহাজ আসবে এই মাসে। বেশি দামে কেনা হলেও এসব দেশ থেকে পণ্য আনতে পাড়ি দিতে হচ্ছে না হরমুজ প্রণালি। তাই বিকল্প এই আট দেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া ও ইরাকের সঙ্গেও যোগাযোগ করেছিল বাংলাদেশ। অর্থ ও সময় সাশ্রয় না হওয়াতে সেটি সফল হয়নি। ঢাকায় মৌসুমের আগেই ডেঙ্গুর শঙ্কা - দৈনিক কালের কণ্ঠের শেষ পাতায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের ছুটিতে ফাঁকা বাসাবাড়ি ও বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এতে মৌসুম শুরু হওয়ার আগেই ঢাকার অভিজাত এলাকার বাসিন্দারা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে পড়তে পারেন। ঈদের টানা ছুটিতে ঢাকাসহ সারা দেশে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে নগরের বিভিন্ন স্থানে স্বচ্ছ পানি জমে রয়েছে। পাশাপাশি অনুকূল তাপমাত্রা ও আর্দ্রতার কারণে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কীটতত্ত্ববিদদের মতে, গত এক সপ্তাহ এডিস মশার বংশ বিস্তারের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে আগামী দুই সপ্তাহের মধ্যে এডিস মশার সংখ্যা বাড়ার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধি পেতে পারে।ন্যূনতম বেতনসীমা বেড়ে দ্বিগুণ, ফিরতে হতে পারে বহু বাংলাদেশীকে - দৈনিক বণিকবার্তার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়ায় বর্তমানে শ্রমশক্তির ১৪ শতাংশের বেশি বিদেশী কর্মী রয়েছে। দেশটির সরকার এ হার কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করেছে। মূল লক্ষ্য হলো স্থানীয় নাগরিকদের চাকরির বাজারে অংশগ্রহণ বাড়ানো। আর এ পরিকল্পনা বাস্তবায়িত হলে অন্য বিদেশীদের সঙ্গে বহু বাংলাদেশী শ্রমিককেও মালয়েশিয়া ছাড়তে হবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ থেকে সাধারণ শ্রমিক ও কর্মজীবী পাঠানোর পথও রুদ্ধ হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
Go to News Site