Jagonews24
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে পড়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক ইটভাটা শ্রমিকের সন্ধানে চলছে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটসহ আশাপাশ এলাকার নদীতে এ উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। এসময় কোস্টগার্ড মাইকিং করে নদীতে কাউকে ভাসমান বা মৃত অবস্থায় দেখলে তা জানাতে চলাচলরত নৌযানসহ স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানান। এদিকে বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশু ও গাড়ির চালকসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। এছাড়া এ ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি। এর আগে বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী সোহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাট দিয়ে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পরে ডুবে যায়। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলানো হচ্ছে। তবে কেউ নিখোঁজ আছে এরকম সুনির্দিষ্ট অভিযোগ নেই। এক মহিলা দাবি করছে তার ভাইকে পাওয়া যাচ্ছে না। কিন্তু তিনি এই বাসের যাত্রী ছিল কিনা বা কোথায় যাচ্ছিল তারও কোনো প্রমাণ দিতে পারেননি। এরপরও অধিকতর নিশ্চিত হতে অভিযান চালানো হচ্ছে। রুবেলুর রহমান/এএইচ/জেআইএম
Go to News Site