Somoy TV
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের কঠিন ও স্পর্শকাতর বিষয়গুলো আর এড়িয়ে না গিয়ে খোলামেলা এবং আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।বৃহস্পতিবার (২৬ মার্চ) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রসচিব, বিদেশি কূটনীতিক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক শুধু কূটনৈতিক সৌজন্যে আটকে থাকতে পারে না। বাণিজ্য, নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টনসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো বাস্তবতার ভিত্তিতে বিবেচনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এমন সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, যেখানে কেউ এগিয়ে আর কেউ পিছিয়ে থাকবে না; বরং পারস্পরিক সম্মান, ভারসাম্য ও নির্ভরশীলতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত হবে। আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি গণতন্ত্রে আস্থা, উন্নয়নের অভিন্ন লক্ষ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রয়োজন। তাই কঠিন বিষয়গুলো পাশ কাটিয়ে নয়, বরং সৎভাবে মোকাবিলা করেই এগোতে হবে। রিয়াজ হামিদুল্লাহ জানান, বাংলাদেশের বর্তমান নেতৃত্ব ভারতের সঙ্গে বাস্তববাদী, সম্মাননির্ভর ও ফলপ্রসূ সম্পর্ক চায়। বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ঢাকা চায়, দিল্লিকে সঙ্গে নিয়ে এমন আঞ্চলিক পরিবেশ গড়ে তুলতে, যেখানে সহযোগিতা ও বোঝাপড়া গুরুত্ব পাবে। বক্তব্যের একপর্যায়ে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি এবং গণহত্যার মুখেও আত্মসমর্পণ না করা মানুষের সাহসিকতার কথা স্মরণ করেন। আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা একইসঙ্গে ভারতের জনগণের ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন রিয়াজ হামিদুল্লাহ। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের সহায়তা, আশ্রয় ও সমর্থন বাংলাদেশের ইতিহাসে অম্লান হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি। রিয়াজ হামিদুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা—সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশের সংগ্রাম ছিল। অপারেশন সার্চলাইটের মতো নির্মম অভিযানের স্মৃতি আজও সেই ত্যাগের কথা মনে করিয়ে দেয়।
Go to News Site