লাল-সবুজে সাজল ব্রিসবেনের বিখ্যাত সিটি হল
Somoy TV

লাল-সবুজে সাজল ব্রিসবেনের বিখ্যাত সিটি হল

যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রিসবেন সিটি কাউন্সিল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর যৌথ উদ্যোগে ব্রিসবেনের ঐতিহাসিক সিটি হল ভবনটিকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল- সবুজে আলোকসজ্জিত করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রিসবেনের প্রাণকেন্দ্র কিং জর্জ স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির প্রায় দুই শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালেক সুফি। তিনি তার মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। প্রবাসের মাটিতে এই লাল-সবুজের আলো আমাদের সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়।’ উপস্থিত ব্রিসবেনবাসী অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উৎযাপন করার সুযোগ করে দেয়ার জন্য সিটি কাউন্সিলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Go to News Site