তফসিলের আগেই প্রচারণার জোয়ার, পোস্টার-ব্যানারে সয়লাব মাদারীপুর
Somoy TV

তফসিলের আগেই প্রচারণার জোয়ার, পোস্টার-ব্যানারে সয়লাব মাদারীপুর

পৌরসভা নির্বাচনের কোনো তফসিল এখনো ঘোষণা হয়নি, নেই আনুষ্ঠানিক কোনো খবরও। তবে এরই মধ্যে মাদারীপুরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার ও পোস্টারের ছড়াছড়ি দেখা যাচ্ছে। শহরের অলিগলি রঙিন প্রচারণায় ভরে গেছে। এমনকি গাছেও পেরেক দিয়ে ব্যানার টাঙানো হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুধিজনেরা।সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসকের বাসভবনের সামনের গাছগুলোতেও ঝুলছে ব্যানার ও ফেস্টুন। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিষয়টি চোখে পড়লেও তা এড়িয়ে গেছেন তিনি। একই চিত্র শহরের বেশিরভাগ এলাকায়। সবুজ গাছ, বিদ্যুতের খুঁটি, সরকারি-বেসরকারি ভবনের দেয়াল-সবখানেই টাঙানো হয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন বাসিন্দারা। প্রশাসনের নীরব ভূমিকায় তারা ক্ষুব্ধ। আবু নাঈম নামে এক পথচারী বলেন, ‘সুন্দর একটি শহর এভাবে বিজ্ঞাপন দিয়ে নষ্ট করছে। দেখতে খুবই খারাপ লাগছে। এমন কর্মকাণ্ড যারা করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত।’ আরও পড়ুন: উপজেলা-পৌরসভায় প্রশাসক দেয়ার সিদ্ধান্ত নেই, শিগগিরই দেয়া হবে নির্বাচন ফারদিন আহম্মেদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘শহরের চারপাশেই বিভিন্ন নেতাদের রঙিন ব্যানার আর সাইনবোর্ড। যা দেখতে খুবই বিরক্তিকর। এটি অপসারণ হলে শহরটির পরিবেশ আগের মতো ফিরে আসবে।’ জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন-কোনোটিতেই রঙিন পোস্টার বা ব্যানারে প্রচারণার নির্দিষ্ট বিধান নেই। তবে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু না হলেও পরিচিতি বাড়াতে কিছু রাজনৈতিক ব্যক্তি এসব কার্যক্রম চালাচ্ছেন। শহরের সৌন্দর্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা। মাদারীপুরের পরিবেশভিত্তিক সংগঠন  ফ্রেন্ডস অব নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ বলেন, যেদিকে দুই চোখ যায়, সেদিকে শুধু ব্যানার আর পোস্টার। এ যেন এক বিজ্ঞাপনের শহর। এগুলো অপসারণে প্রশাসন আদৌ কি ব্যবস্থা নিবে, এমন প্রশ্ন থেকেই যায়। মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নিজ উদ্যোগে এগুলো সরিয়ে না নিলে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে এ বিষয়ে মাদারীপুর পৌরসভাকে নির্দেশনাও দেয়া হয়েছে।

Go to News Site