খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা
Somoy TV

খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এক নেতাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেছে নিহতের সংগঠন।শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে জেলার পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। নিহত নেতার নাম নীতি দত্ত চাকমা (৪৫)। তিনি পানছড়ির উত্তর শান্তিপুর এলাকার বর্ণনাতীত চাকমার ছেলে এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। আরও পড়ুন: পরিস্থিতি সামাল দিতে তেলের পাম্পে সেনাবাহিনী, গাড়ির লম্বা লাইন ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, তবে এখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। এদিকে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা ঘটনার জন্য প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে প্রতিপক্ষ গ্রুপের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।

Go to News Site