Somoy TV
শেরপুরের ঝিনাইগাতীর দারুল উলুম ডেফলাই আল-আক্বসা মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ।মাদ্রাসার শিক্ষাসচিব হাফেজ মাওলানা জহুরুল ইসলাম প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে আবেগঘন নসিহত প্রদান করেন। তিনি শুরুর দিকের ছাত্রদের ত্যাগ ও সংগ্রামের স্মৃতিচারণ করে বলেন, তোমরা যখন এই প্রতিষ্ঠানে ছিলে, তখন যেভাবে নিয়ম-কানুন মেনে চলেছো, ঠিক তেমনি যেখানেই থাকো না কেন, সেই প্রতিষ্ঠানের কল্যাণকামী হিসেবে কাজ করবে। প্রতিটি নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করবে। মুহতামিম এবং প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের ধন্যবাদ জানান এবং ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা সর্বশক্তি দিয়ে তাকওয়াবান হও। এটা শুধু উপদেশ নয়, বরং একটি অনুরোধ-- যাতে তোমরা এটাকে যথাযথভাবে রক্ষা করতে পারো। আরও পড়ুন: পড়াশোনার ফাঁকে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে তৈরি কারুকার্য অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক হাফেজ সোহাইল আহমাদ মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করেন এবং আয়োজক কমিটি, সম্মানিত ওস্তাদ ও প্রাক্তন ছাত্রদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন সফল হয়েছে। আমরা আশা করি, এই মিলনমেলা ভ্রাতৃত্ব, ঐক্য ও দ্বীনি চেতনা আরও সুদৃঢ় করবে। প্রাক্তন ছাত্র ও মাদরাসাতুল কোরআনের শিক্ষাসচিব হাফেজ মাওলানা আমির হামজা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের মিলনমেলা শুধু একটি অনুষ্ঠান নয়; এটি আমাদের স্মৃতি, ভালোবাসা এবং পুরোনো দিনের মুহূর্তগুলোকে একত্রিত করেছে। দোয়া করি, এই ভ্রাতৃত্বের বন্ধন সবসময় অটুট থাকুক এবং আমরা সবাই দ্বীনের খেদমতে একসাথে চলতে পারি। পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রাক্তন ছাত্রদের মাঝে ভ্রাতৃত্ব, একাত্মতা এবং দ্বীনি চেতনা জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রভাব ফেলেছে।
Go to News Site