ফিফা বিশ্বকাপে মেসির খেলা এখনো অনিশ্চিত, বললেন স্ক্যালোনি
Somoy TV

ফিফা বিশ্বকাপে মেসির খেলা এখনো অনিশ্চিত, বললেন স্ক্যালোনি

ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র ৮১ দিন বাকি। তবে আর্জেন্টিনার হয়ে আসরে লিওনেল মেসি খেলবেন কি না—তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টিনার প্রধান কোচ স্ক্যালোনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের।গণমাধ্যমকে স্ক্যালোনি বলেন, ‘এ প্রশ্নটা আসলে মেসিকেই করা উচিত। আমি চাই, সে যেন দলে থাকে। ফুটবলের স্বার্থেই তাকে সেখানে দেখা দরকার। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। তার মানসিক অবস্থা ও শারীরিক ফিটনেসের ওপর সব নির্ভর করছে।’ ৩৮ বছর বয়সী মেসি ২০২২ বিশ্বকাপে দলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এবং এখন পর্যন্ত আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১১৫ গোল)। তাই তার বিশ্বকাপে থাকা নিয়ে শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বজুড়েই রয়েছে ব্যাপক আগ্রহ। স্ক্যালোনি বলেন, ‘শুধু আর্জেন্টিনার মানুষই নয়, সবাই চায় তাকে খেলতে দেখতে। তবে আমরা তাড়াহুড়া করছি না। সে যা সিদ্ধান্ত নেবে, সেটাই তার ও দলের জন্য সেরা হবে।’ আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মনে করছেন না ভিনিসিউস তবে আপাতত স্বস্তির খবর, চলতি আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছেন মেসি। ২৮ মার্চ মাউরিতানিয়া ও ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে। দুটি ম্যাচই হবে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম লা বোমবোনেরাতে। তবে মেসি শুরুর একাদশে থাকবেন কিনা, তা ম্যাচের দিনই ঠিক করা হবে বলে জানান স্ক্যালোনি। এদিকে, ২৭ মার্চ কাতারে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে। স্ক্যালোনি বলেন, ‘দেশের মাটিতে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া দারুণ বিষয়। সমর্থকরা মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাবে। এটাই সবচেয়ে আনন্দের।’ আরও পড়ুন: ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন ৩০ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী ১৬ ফুটবলার। পাশাপাশি সুযোগ পেয়েছেন নতুন কয়েকজন—ডিফেন্ডার টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস এবং বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ানি। স্ক্যালোনি বলেন, ‘এটাই আপাতত আমাদের দল। তবে নতুনদের দিকেও নজর রাখা হচ্ছে। শেষ পর্যন্ত স্কোয়াড নির্ধারণে খেলোয়াড়দের ফিটনেস, ফর্ম ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।’ শিরোপা রক্ষার মিশনে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে ১৬ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপ ‘জে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

Go to News Site